গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
অষ্টম ভাগ
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
১২৭। মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা
(১) বাংলাদেশে একজন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (যিনি এই সংবিধানে "মহা হিসাব-নিরীক্ষক" নামে অভিহিত) থাকিবেন এবং তাঁহাকে রাষ্ট্রপতি নিয়োগ করিবেন।
(২) এই সংবিধান ও সংসদ-কর্তৃক প্রণীত যেকোনো আইনের বিধানাবলী-সাপেক্ষে মহা হিসাব-নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ হইবে।
১২৮। মহা হিসাব-নিরীক্ষকের দায়িত্ব
(১) প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মকর্তার হিসাব মহা হিসাব-নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত ও তদ্বিষয়ে রিপোর্ট প্রদান করা হইবে এবং সেই উদ্দেশ্যে তিনি বা তজ্জন্য তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যেকোনো ব্যক্তির হেফাজতে রক্ষিত সকল রেকর্ড, বহি, ভাউচার, দলিল দস্তাবেজ, নগদ টাকা, স্ট্যাম্প, সিকিউরিটি, ভাণ্ডার বা অন্যবিধ সরকারি সম্পত্তি পরীক্ষার সুযোগ পাইবেন।
(২) দফা (১)-এর বিধানাবলীর হানি না করিয়া আইনের দ্বারা সরাসরি প্রতিষ্ঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থার ক্ষেত্রে আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হয়, সেই রূপ ব্যক্তি দ্বারা উক্ত সংস্থার হিসাব নিরীক্ষিত ও তদ্বিষয়ে রিপোর্ট প্রদান করা যাইবে।
(৩) সংসদ আইনের দ্বারা দফা (১)-এ নির্ধারিত দায়িত্বসমূহ ছাড়াও মহা হিসাব-নিরীক্ষককে অন্য যেকোনো দায়িত্ব অর্পণ করিতে পারিবে এবং এই দফার অধীন আইন প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি আদেশের দ্বারা অনুরূপ বিধান করিতে পারিবেন।
(৪) দফা (১)-এর অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাব-নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নির্দেশ বা নিয়ন্ত্রণের অধীন হইবেন না।
১২৯। মহা হিসাব-নিরীক্ষকের পদের মেয়াদ
(১) এই অনুচ্ছেদের বিধানাবলী-সাপেক্ষে মহা হিসাব-নিরীক্ষক তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসর অথবা তাঁহার পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হওয়া—ইহার মধ্যে যাহা আগে ঘটে, সেই সময় পর্যন্ত স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন।
(২) সুপ্রীম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত মহা হিসাব-নিরীক্ষক তাঁহার পদ হইতে অপসারিত হইবেন না।
(৩) মহা হিসাব-নিরীক্ষক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বহস্তাক্ষরে লিখিত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
(৪) মহা হিসাব-নিরীক্ষক পদত্যাগের পর প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না।
১৩০। অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক
যেকোনো সময়ে মহা হিসাব-নিরীক্ষকের পদ শূন্য থাকিলে অথবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে মহা হিসাব-নিরীক্ষক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে, ১২৭ অনুচ্ছেদের অধীনে কোনো নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা মহা হিসাব-নিরীক্ষক পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি যেকোনো ব্যক্তিকে অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক হিসাবে কার্যভার পালনের জন্য নিয়োগ করিতে পারিবেন।
১৩১। প্রজাতন্ত্রের হিসাবরক্ষণের আকার ও পদ্ধতি
রাষ্ট্রপতির অনুমতিক্রমে মহা হিসাব-নিরীক্ষক যেরূপ নির্ধারণ করিবেন, প্রজাতন্ত্রের সরকারি হিসাব সেইরূপ আকার ও পদ্ধতিতে রাখা হইবে।
১৩২। সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন
প্রজাতন্ত্রের সরকারি হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্টসমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবেন।





